দৈনিক খুলনা
The news is by your side.

ইরানের পরমাণু কেন্দ্রে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি

35

যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, তাহলে সেটিকে সংঘাতের নতুন ধাপ হিসেবে বিবেচনা করা হবে এবং এর জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেছে তেহরান। দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক স্থাপনায় যেকোনো ধরনের সামরিক হামলার জবাব দেওয়া হবে এবং প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আঞ্চলিক স্থাপনাগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ইরানের এই প্রতিক্রিয়া এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর। লেবাননের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইরানের একটি পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

এর জবাবে ইরানের সামরিক কর্তৃপক্ষ জানায়, দেশটির পারমাণবিক কর্মসূচি ও কৌশলগত স্থাপনাগুলোর ওপর হামলা হলে তা শুধু ইরানের বিরুদ্ধে আক্রমণ হিসেবে নয়, বরং আঞ্চলিক নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হবে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে। দুই দেশের মধ্যে সংঘাত কমাতে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও পারস্পরিক অভিযোগ ও সামরিক অবস্থানের কারণে পরিস্থিতি এখনো অস্থির রয়েছে। বিশ্লেষকদের মতে, পারমাণবিক স্থাপনাকে কেন্দ্র করে নতুন কোনো সংঘাত শুরু হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তথ্যসুত্র: তাসনিম নিউজ