ইরান-মার্কিন চরম উত্তেজনার মধ্যেই এবার কঠোর বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইরানকে আনুষ্ঠানিকভাবে ‘সাদা পতাকা ওড়ানোর’ বা আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এই হুঙ্কার দেন।
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে তাঁর ওপর কোনো ধরনের তাড়া বা চাপ নেই। তিনি বলেন, “আমার কোনো নির্দিষ্ট সময়সূচি নেই, আমি কোনো তাড়াহুড়োয় নেই।” ইরানের শক্তিশালী সামরিক শাখা ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) প্রসঙ্গে ট্রাম্প মন্তব্য করেন, “তারা পোকার খেলায় বেশ পটু, তবে তারা এখন শেষ হওয়ার মুখে।” তিনি আরও জানান, আইআরজিসির সাথে তার প্রশাসন ইতোমধ্যে একটি সরাসরি গোপন যোগাযোগ মাধ্যম বা ‘ব্যাকচ্যানেল’ তৈরি করেছে।
এদিকে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ইরান সম্প্রতি ওমানের সাথে আলোচনা চালাচ্ছে বলে খবর এসেছে। তবে এই প্রক্রিয়ায় ওমানের ভূমিকাকে কড়া হুশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দেন, হরমুজ প্রণালী চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় ওমান কোনো বাধা সৃষ্টি করলে দেশটিতে ভয়াবহ বোমাবর্ষণ করা হবে।
মধ্যপ্রাচ্যে মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এখন পর্যন্ত আমরা যা ব্যবহার করেছি, তা সামান্য কিছু মাত্র (পিনাটস)।” তার এই মন্তব্য থেকে স্পষ্ট যে, মধ্যপ্রাচ্যে যেকোনো ধরনের বড় সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে।