গত ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতিকে আরও সুসংহত করতে সময় প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি জনগণই মূল্যায়ন করবে। তবে সরকারের দৃষ্টিকোণ থেকে গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। একই সময়ে বিভিন্ন সংস্কার কার্যক্রম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে জ্বালানি নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতের জ্বালানি চাহিদা বিবেচনায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মহেশখালীতে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য জরিপ চলছে এবং সরকার-টু-সরকার ভিত্তিতে আরও দুটি এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিনের গ্যাস ও জ্বালানি সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে সরকার টেকসই ও সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে এ সংকট মোকাবিলায় কাজ করছে।