৩০ লাখ টাকার জমি বিক্রি ও দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ; প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীরা
কেশবপুর (যশোর) প্রতিনিধি;যশোরের কেশবপুরে প্রতারণার মাধ্যমে শ্রবণ ও বাক প্রতিবন্ধী ভাই-বোনের জমি বিক্রির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তাদের সৎ ভাই আমিনুর রহমান মুকুল এবং চাচতো ভাই ইকবাল হোসেন।
সোমবার কেশবপুর নিউজ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, তার পিতা মৃত গোলাম আজিজের রেখে যাওয়া সম্পত্তি থেকে তার সৎ ভাই মোঃ আরিফুর রহমান সবুজ ও তার স্ত্রী হাসিনা বেগম প্রতারণার আশ্রয় নিয়ে জমি বিক্রি করেছেন।
তিনি বলেন, বগা মৌজার ২০১ নম্বর খতিয়ানের ২৫৭ নম্বর দাগের ৩৮ শতক জমির মধ্যে ১০ শতক জমি গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে কেশবপুর রেজিস্ট্রি অফিসে এনে তার শ্রবণ ও বাক প্রতিবন্ধী ভাই কুদ্দুসুর রহমান ও বোন নারগিস নাহারকে ভুল বুঝিয়ে সোহাগ মোড়লের কাছে বিক্রি করে দেওয়া হয়। বিক্রিত জমির বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকার বেশি সম্পূর্ণ টাকা আরিফুর রহমান তার স্ত্রী হাসিনা বেগম আত্মসাৎ করে ।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, এর আগেও আরিফুর রহমান সবুজ একই কৌশলে বগা, রেজাকাটি ও পাটকেলঘাটা মৌজার প্রায় ১ বিঘা ৩৪ শতক পৈত্রিক সম্পত্তি বিক্রি করে আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
এছাড়া, ভুক্তভোগী প্রতিবন্ধী ভাই-বোনকে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার নিয়ে নেওয়ার অভিযোগও তোলা হয়। যার মধ্যে রয়েছে ২টি আংটি, ১টি ব্রেসলেট ও ১ জোড়া কানের দুল—মোট ওজন প্রায় ১ ভরি ১১ আনা, যার বাজার মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা। এসব স্বর্ণালঙ্কার ১ লাখ টাকার বিনিময়ে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার একটি জুয়েলার্সে বন্ধক রাখা হয়েছে বলে দাবি করা হয়।
আমিনুর রহমান মুকুল অভিযোগ করেন, এসব বিষয়ে প্রতিবাদ করলে তার সৎ ভাই আরিফুর রহমান সবুজ প্রতিবন্ধী ভাই-বোনকে হত্যার হুমকি দিয়ে আসছেন। ফলে তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং মানবেতর জীবনযাপন করছেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি যশোর জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং কেশবপুর থানা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা না নিলে ভুক্তভোগীদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এবিষয়ে আরিফুর রহমান সবুজের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে আরিফুর রহমান বলেন ঘটনা সত্য ঘটনা গুলো আমার মা ঘটিয়েছে