দৈনিক খুলনা
The news is by your side.

যশোরের কেশবপুরে মেয়ের বঁটির আঘাতে মায়ের মৃত্যু, মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ

রাতের আঁধারে চিৎকার—সকালে মিলল মরদেহ; তদন্তে পুলিশ

4

কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুর পৌর শহরের সাহা পাড়ায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। গৌরী রানী (৮৫) নামের এক বৃদ্ধা নিজ মেয়ের হাতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহতের মেয়ে তৃপ্তি অধিকারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি মায়ের বাড়িতেই অবস্থান করছিলেন। ঘটনার রাত আনুমানিক একটার দিকে এলাকাবাসী তৃপ্তি রানীর চিৎকার-চেঁচামেচি শুনতে পান। কেউ কেউ তাকে বাড়ির ছাদে ঘোরাফেরা করতেও দেখেছেন। ধারণা করা হচ্ছে, ওই সময়ের মধ্যেই রান্নাঘরের ব্যবহৃত তরকারি কাটার বঁটি দিয়ে মাকে আঘাত করেন তিনি।

মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৌরী রানীর মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, তৃপ্তি রানীর আচরণ দীর্ঘদিন ধরেই অস্বাভাবিক ছিল। তবে এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, তা কেউ কল্পনাও করেননি।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে অভিযুক্ত নারীর মানসিক অবস্থা যাচাইয়ের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।