দৈনিক খুলনা
The news is by your side.

২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ ঘোষণা আজ

40

আগামী বছরের (২০২৭) পবিত্র হজ পালনে আগ্রহী মুসল্লিদের জন্য বহুল প্রতীক্ষিত সরকারি হজ প্যাকেজ আজ বুধবার (১৫ জুলাই) ঘোষণা করা হবে। বিকেল ৩টায় রাজধানীর সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এ প্যাকেজ প্রকাশ করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে সরকারি ব্যবস্থাপনায় হজে অংশগ্রহণের ব্যয়, সুযোগ-সুবিধা, নিবন্ধনসংক্রান্ত নির্দেশনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে।

অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ প্যাকেজ আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) ঘোষণা করবে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের ভিআইপি রোডে অবস্থিত সাত্তারা সেন্টারের ১৫তম তলায় হোটেল ভিক্টোরির ‘সাফা ব্যাংকুয়েট হল’-এ সকাল ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মঞ্জুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য নির্ধারিত প্যাকেজের মূল্য, অন্তর্ভুক্ত সেবাসমূহ, আবাসন, পরিবহন, নিবন্ধন প্রক্রিয়া এবং অন্যান্য প্রয়োজনীয় দিক সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।