যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন, র্যালি, আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রোকনুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছা. রোকসানা খাতুন।
আলোচনা সভায় ওসি রোকসানা খাতুন বলেন, গ্রাম আদালতের মাধ্যমে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও কম খরচে নিষ্পত্তি করা সম্ভব। এতে আদালতের মামলার চাপ কমবে এবং সাধারণ মানুষের ভোগান্তিও হ্রাস পাবে।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন গ্রামের প্রায় ২৭০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এসময় গ্রাম আদালতের কার্যক্রম ও উপকারিতা নিয়ে ভিডিও প্রদর্শনী ও সচেতনতামূলক নাটক মঞ্চস্থ করা হয়।
পরে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা গ্রাম আদালত প্রকল্পের কো-অর্ডিনেটর শংকর কুমার দাস।
স্থানীয়দের মতে, এ ধরনের কর্মসূচি গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।