দৈনিক খুলনা
The news is by your side.

কেকেবিএইউতে খানবাহাদুর আহ্ছানউল্লার অবদান নিয়ে সেমিনার

21

খুলনা :

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “অবিভক্ত বাংলায় শিক্ষা ও সমাজ সংস্কারে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) খুলনার দি গ্র্যান্ড হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান।

তিনি বলেন, খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) জীবনব্যাপী মানবকল্যাণে কাজ করেছেন। শিক্ষা, সামাজিক ও আত্মিক উন্নয়নে তাঁর অবদান আজও অনুসরণীয়। তিনি আরও বলেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও কারিগরি প্রশিক্ষণ খাতে দেশের অসংখ্য মানুষ উপকৃত হচ্ছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. এম. এ. জলিল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এস. এম. খলিলুর রহমান। তিনি খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর জীবন ও কর্ম এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের কার্যক্রম নিয়ে দুটি নিবন্ধ উপস্থাপন করেন।

সম্মানিত অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান বলেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিকতা চর্চা করতে হবে। তিনি খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. মুঈন উদ্দিন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।