দৈনিক খুলনা
The news is by your side.

হাজরাকাঠি বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, কেশবপুরে শোকের ছায়া

31

কেশবপুর : 

যশোরের কেশবপুরে শাপলা ফুল তুলতে গিয়ে বাওড়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার হাজরাকাঠি বাওড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। দুই শিশুর আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম জিদান (১০)। সে হাজরাকাঠি এলাকার মো. মফিজুরের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একই এলাকার কয়েকজন শিশু শাপলা ফুল তুলতে হাজরাকাঠি বাওড়ে যায়। একপর্যায়ে জিদানসহ দুই শিশু পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

জিদানকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। অপর শিশুকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের নথি অনুযায়ী, নিহত দ্বিতীয় শিশুটির নাম মো. তাসনিম। তার বয়স ৫ বছর ৬ মাস এবং বাবার নাম ওলিয়ার রহমান। বাড়ি হাজরাকাঠি এলাকার বেগমপুর গ্রামে। তবে পারিবারিক সূত্রে শিশুটির নাম ইয়াসমিন বলে জানা গেছে। ফলে দ্বিতীয় নিহত শিশুর পরিচয় নিয়ে প্রাথমিকভাবে তথ্যের ভিন্নতা রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কেশবপুর থানা পুলিশ। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর অভিযোগ দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে হাজরাকাঠি বাওড়সহ এলাকার বিভিন্ন জলাশয়ে প্রচুর শাপলা ফুল ফোটে। এসব ফুল তুলতে প্রায়ই শিশুদের জলাশয়ে যেতে দেখা যায়। তবে পানির গভীরতা ও অন্যান্য ঝুঁকি সম্পর্কে ধারণা না থাকায় এমন দুর্ঘটনা ঘটতে পারে।

দুই শিশুর মৃত্যুর খবরে হাজরাকাঠি এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।