দৈনিক খুলনা
The news is by your side.

সোনারগাঁয় ২ ভুয়া এসআরবি সদস্য গ্রেপ্তার

29

নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয়দানকারী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে পোশাক (কটি), ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও একটি মোটরসাইকেলসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ইনকামিং লেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— ঝালকাঠির নলছিটি পৌরসভার রাজারবাগ গ্রামের মো. সোহেল (৩৫) এবং গাজীপুরের জয়দেবপুর থানার আমনা আমতলী গ্রামের মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। বর্তমানে তারা যথাক্রমে রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণখান এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে চেকপোস্ট বসায়। ​চেকপোস্টে তল্লাশিকালে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের তল্লাশি চালিয়ে সামনে ও পিছনে ‘RAB’ লেখা ৪টি কালো রঙের কটি, ২টি ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাফ, ১টি পিস্তলের কভার, ৯০টি প্লাস্টিক ওয়ার টাই, ১টি ভুয়া র‍্যাব আইডি কার্ড ১টি FZ-1 ভার্সন মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-২৫-৮৬০৫), ১টি ওয়ালটন ও ১টি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।