সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার সকালে সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্ট-চেকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান এবং প্রশিক্ষক মোহাম্মদ তাওসিফ আকবর প্রমুখ।
বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সাংবাদিকতার ক্ষেত্রে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেক) এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হতে হবে।
আয়োজকরা জানান, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল এবং সংবাদ পরিবেশনে এআই ব্যবহারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
আগামী ২৫ জুন প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ##