দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠন, ১৮ দফা দাবি

22

সাতক্ষীরা :
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম (ক্যাফ)-এর জেলা কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের পানসি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ক্লাইমেট অ্যাকশন ফোরামের গঠন ও অর্ধবার্ষিক সমন্বয় সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।

সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী জলবায়ু সংকট ও উপকূলীয় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা মতামত তুলে ধরেন।

বিপাশা অধিকারী বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বর্তমানে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি ও সুপেয় পানির সংকটসহ নানা জলবায়ু ঝুঁকির মুখে রয়েছে। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অঞ্চলের মানুষ এসব সংকটের সবচেয়ে বেশি ভুক্তভোগী।

সভা থেকে উপকূল উন্নয়ন বোর্ড গঠন, উপকূলীয় অঞ্চলকে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা, সুন্দরবন সংরক্ষণ, জেলে সম্প্রদায়ের সুরক্ষা এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিতকরণসহ ১৮ দফা দাবি উত্থাপন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট এস এম বিপ্লবকে সদস্য সচিব করে ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করা হয়। ##