দৈনিক খুলনা
The news is by your side.

নড়াইলে আনসার ও ভিডিপির কার্যক্রম পরিদর্শন করলেন খুলনা রেঞ্জ কমান্ডার

3

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিপিএম, পিভিএমএস ২৩ জুন ২০২৬ তারিখে নড়াইল জেলার আনসার ও ভিডিপির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি প্রথমে নড়াইল জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় জেলা কমান্ড্যান্ট শাহীদুল ইসলাম জেলার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রেঞ্জ কমান্ডারকে অবহিত করেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরে রেঞ্জ কমান্ডার আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, নড়াইল শাখা পরিদর্শন করেন। সেখানে তিনি ব্যাংকের ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম, গ্রাহকসেবা এবং সদস্যদের জন্য পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো দেশের প্রায় ৬৫ লাখ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা এবং তাদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর আর্থিক সহায়তা প্রদান করা। এটি শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং আত্মকর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলা, দারিদ্র্য বিমোচন এবং সদস্যদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তিনি আরও বলেন, সদস্যরা যাতে সহজ শর্তে ঋণ গ্রহণ করে উৎপাদনমুখী কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন, সে লক্ষ্যে ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে ঋণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ঋণের সঠিক ব্যবহার ও সময়মতো আদায়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রেঞ্জ কমান্ডার আশা প্রকাশ করে বলেন, বাহিনীর মহাপরিচালকের সঠিক দিকনির্দেশনায় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি নড়াইল শাখার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে শাখাটি আরও দক্ষতা, সুনাম ও সফলতার সঙ্গে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ব্যাংক পরিদর্শনের সময় শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে রেঞ্জ কমান্ডার নড়াইল পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত আনসার গার্ডদের দায়িত্ব পালন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে কর্তব্য পালনের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা কমান্ড্যান্ট শাহীদুল ইসলাম তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

রেঞ্জ কমান্ডারের এ পরিদর্শন নড়াইল জেলার আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাঁর দিকনির্দেশনা বাহিনীর কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।