সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামে বিএনপি কার্যালয়ের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল দুটি উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু জানান, সকালে নেতাকর্মীরা কার্যালয়ে এসে আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান। পরে অফিসের আশপাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
কালিগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, পরিত্যক্ত অবস্থায় দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।