সাতক্ষীরা :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নুর ইসলাম (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম দক্ষিণ কদমতলা গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নৌকায় করে নদীতে মাছ ধরছিলেন নুর ইসলাম। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি হচ্ছিল না। হঠাৎ বজ্রপাত হলে তার নৌকা থেকে ধোঁয়া উড়তে দেখে আশপাশের জেলেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
পরে তাকে উদ্ধার করে হরিনগর বাজারের এক গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছেন। আকস্মিক বজ্রপাতেই জেলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।