দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

29

সাতক্ষীরা :

সাতক্ষীরা শহরের কলেজছাত্র জাকারিয়া খান হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসান ও তার সহযোগী অমিত হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শুইলপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাহিদ হাসান সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে। অমিত হাসান (৩০) একই এলাকার হুমায়ুন কবীরের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসান সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সদর থানা, কালীগঞ্জ থানা ও গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার ভোর ৪টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় নাহিদ হাসান ও মামলায় সন্দেহভাজন অমিত হাসানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জাকারিয়া হত্যা মামলায় এর আগে আরও একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে মামলায় মোট তিনজন গ্রেপ্তার হয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর রাতে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানে বাপ্পি হাসানের সঙ্গে নাহিদসহ কয়েকজনের বিরোধের সৃষ্টি হয়। এ সময় বাপ্পিকে রক্ষা করতে এগিয়ে গেলে কলেজছাত্র জাকারিয়া আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত জাকারিয়ার ভাই শাহরিয়ার খান বাদী হয়ে শনিবার রাতে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করা হয়েছে।