দৈনিক খুলনা
The news is by your side.

সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৯ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু

37

বেনাপোল :

ভারতে পাচারের শিকার হওয়া ৯ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশু সাজাভোগ শেষে প্রায় আড়াই বছর পর দেশে ফিরেছেন। ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসাদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও দুজন শিশু রয়েছে।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন—মুক্তা খানম, খাদিজা, আয়েশা, জাহানারা বেগম, রুকসানা, তাপস মণ্ডল, আশিক মোল্লা, তন্ময় সরকার ও রামকৃষ্ণ বচার। তারা নড়াইল, রাজবাড়ী, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালচক্রের মাধ্যমে প্রায় আড়াই বছর আগে অবৈধভাবে বিভিন্ন সীমান্তপথে ভারতে যান ওই ৯ বাংলাদেশি। সেখানে বিভিন্ন বাসাবাড়ি ও কৃষিকাজে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

তিনি আরও জানান, সাজাভোগ শেষে একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদের কারাগার থেকে ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে। পরে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার সন্ধ্যায় তাদের দেশে ফেরত আনা হয়। বেনাপোল চেকপোস্টে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের নিজস্ব শেল্টার হোমে নিয়ে যাবে। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসা বাংলাদেশিদের নিজস্ব শেল্টার হোমে রাখার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।