দৈনিক খুলনা
The news is by your side.

শার্শা সীমান্তে বজ্রপাতে আহত ২ বিজিবি সদস্য

30

বেনাপোল :
যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সিপাহী শফিউল আলম ও সিপাহী সাজেদুর রহমান। তাদের মধ্যে শফিউল আলম গুরুতর আহত হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, সামান্য আহত সাজেদুর রহমানকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, শালকোনা বিওপিতে কর্মরত হাবিলদার কাবুলের নেতৃত্বে চার সদস্যের একটি বিজিবি টহল দল সীমান্তের নারিকেলবাড়িয়া এলাকায় দায়িত্ব পালনকালে হঠাৎ প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কবলে পড়ে। এতে দুই সদস্য আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শফিউল আলমের অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত শফিউল আলমকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শালকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল কাদের বজ্রপাতে দুই সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল।