দৈনিক খুলনা
The news is by your side.

মোংলা নদীতে প্রথমবার ২৪ ঘণ্টা দুই ফেরি চলাচল শুরু

26

মোংলা :
মোংলা নদীতে এই প্রথম ২৪ ঘণ্টা দুইটি ফেরি সার্ভিস চালু হয়েছে। এতে মোংলা বন্দর, ইপিজেডের শ্রমিক, রোগী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ অনেকটাই কমবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

শুক্রবার সকালে মোংলা নদীতে ফেরি চলাচল কার্যক্রম এবং ঠাকুরানী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এতদিন জোয়ার-ভাটার ওপর নির্ভর করে মাত্র একটি ফেরি চলাচল করায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হতো। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন আরও একটি ফেরি সংযোজনের ফলে এখন থেকে ২৪ ঘণ্টাই দুইটি ফেরি চলাচল করবে। পাশাপাশি ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে মোংলা-ঘাষিয়াখালী চ্যানেল নিয়মিত খনন করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনী আরেকটি অঙ্গীকার ছিল মোংলা পোর্ট পৌরসভার প্রধান ঠাকুরানী খাল উদ্ধার করা। ইতোমধ্যে খালের ময়লা-আবর্জনা অপসারণ শেষ হয়েছে এবং বর্তমানে জায়গা পরিমাপের কাজ চলছে। এরপর পানি উন্নয়ন বোর্ড খালটি খনন করবে। এতে জীববৈচিত্র্য সংরক্ষণ, শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং ডেঙ্গু-চিকুনগুনিয়ার ঝুঁকি কমবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।