দৈনিক খুলনা
The news is by your side.

লবণাক্ত উপকূলে সুপেয় পানির সংকট নিরসনে মোংলায় কোস্ট গার্ডের আধুনিক ওয়াটার প্লান্ট উদ্বোধন

35

মোংলা :

তীব্র লবণাক্ত উপকূলীয় জনপদের মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে বাগেরহাটের মোংলায় একটি আধুনিক পানি পরিশোধন (ওয়াটার প্লান্ট) স্থাপন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মোংলার প্রত্যন্ত এলাকার জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত এ সুপেয় পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর (মোংলা)-এর জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম. মেসবাউল ইসলাম। এ সময় কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ক্যাপ্টেন এম. মেসবাউল ইসলাম বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতেই হবে। এ লক্ষ্যেই কোস্ট গার্ড দিন-রাত নিরলসভাবে অভিযান পরিচালনা করছে। ধারাবাহিক অভিযানের ফলে বনকেন্দ্রিক প্রায় ৯৯ শতাংশ অপরাধ দমন করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের কার্যক্রমে উল্লেখযোগ্য সফলতা এসেছে। তবে একটি স্বার্থান্বেষী মহল অপরাধ দমন কার্যক্রম ব্যাহত করতে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। সুন্দরবনে দস্যুতা ও অপরাধের সঙ্গে জড়িতদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় তারা কোস্ট গার্ডের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে উপকূলের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে কোস্ট গার্ডকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে কোস্ট গার্ড নিয়মিত জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। বর্তমান সরকারের জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে জয়মনির ঘোল এলাকায় এই আধুনিক ওয়াটার প্লান্ট স্থাপন করা হয়েছে।

তিনি জানান, প্লান্টটি চালু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের পাশাপাশি আশপাশের এলাকার সাধারণ মানুষও নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানির সুবিধা পাবেন। এতে দীর্ঘদিনের পানির সংকট দূর হওয়ার পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোস্ট গার্ড জানায়, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।