রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক বন্ধ করে সমাবেশ করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে। শুক্রবার (১৪ আগস্ট) দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা ওই সড়কে সমাবেশের আয়োজন করে।
সমাবেশ চলাকালে রাস্তা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন পথচারীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় কয়েকজন। ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সমাবেশস্থলের আশপাশের গলিতেও নেতাকর্মীদের ভিড় রয়েছে। রাস্তা দিয়ে চলাচলে বাধার মুখে এক মধ্যবয়স্ক নারী ও এক তরুণী এনসিপির সিনিয়র নেতাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করছেন।
তারা অভিযোগ করেন, রাস্তা বন্ধ থাকায় নারীদের চলাচলেও সমস্যা হচ্ছে। তাদের প্রশ্ন, রাস্তা বন্ধ করে সমাবেশ করলে সাধারণ মানুষ কীভাবে যাতায়াত করবে।
সরকারের প্রতি বিভিন্ন দাবি তুলে এ সমাবেশের আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
সমাবেশে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এমপি, আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা।