বেনাপোল :
ভারতে পাচারের শিকার দুই বাংলাদেশি তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ, বিএসএফ, বাংলাদেশের বিজিবি ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসা দুই তরুণীর বাড়ি খুলনা ও ময়মনসিংহ জেলায়।
ফেরত আসা দুই তরুণী জানান, প্রায় দুই বছর আগে তারা সাতক্ষীরা সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে যান। পরে মহারাষ্ট্রে একটি বিউটি পার্লারে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন। এরপর তাদের কারাগারে পাঠানো হয় এবং বিচারিক কার্যক্রম শেষে তারা দুই বছরের সাজা ভোগ করেন।
সাজা শেষে ‘মন্ডুয়া গার্লস হোম’ নামের একটি বেসরকারি সংস্থা তাদের হেফাজতে নেয়। পরে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগাযোগ ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সোমবার তারা দেশে ফেরেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ভারত থেকে ফেরত আসা দুই তরুণীর ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার পর তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের হেফাজতে নেবে বলে জানা গেছে।