দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোলে জুলাই শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা

23

বেনাপোল :
ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে যশোরের শার্শায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত, দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ-এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদ আব্দুল্লাহর বাড়িতে যান। সেখানে তাঁর কবর জিয়ারত করে আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশব্যাপী শহীদদের স্মরণে কবর জিয়ারত, আলোচনা সভা, দোয়া মাহফিল, স্মরণসভাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। এসব আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বংশালে পুলিশের গুলিতে শহীদ হন সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ। একই দিনে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হন।

২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ওই আন্দোলনে শহীদদের স্মরণে গত বছর থেকে প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে দেশের শীর্ষ নেতৃত্ব পৃথক বাণীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।