দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোলে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে পরিবেশ প্রতিমন্ত্রীর মতবিনিময়

9

শার্শা :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি বেনাপোল পৌরসভা ও উলাশী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিও পরিদর্শন করেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের ইছামতি সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে সভায় আন্তর্জাতিক বাণিজ্য, আমদানি-রপ্তানি ও রাজস্ব আদায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় ব্যবসায়ী নেতারা বন্দর ও কাস্টমসের বিভিন্ন সমস্যা ও অনিয়মের বিষয় তুলে ধরে সেগুলো সমাধানের অনুরোধ জানান। একই সঙ্গে শুল্ক ফাঁকি ও ঘোষণা-বহির্ভূত পণ্য আমদানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়ম মেনে ব্যবসা করা ব্যবসায়ীদের হয়রানি না করার দাবি জানান তারা।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর একটি এবং জাতীয় রাজস্ব আদায়ে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের বক্তব্য শুনে বিদ্যমান সীমাবদ্ধতাগুলো সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, বেনাপোলসহ দেশের সব বন্দরের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি ও জাতীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

এ সময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর একান্ত সচিব মো. আলমগীর হুসাইন, ব্যক্তিগত কর্মকর্তা রুহুল আমীন, স্টেনো-টাইপিস্ট শরীফ আহমেদ ও অফিস সহায়ক মো. আরিফ হুসাইন উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবেরা সুলতানা মুন্নি, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিকেল ৫টার দিকে প্রতিমন্ত্রী বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে রোপণ করা ১০ হাজার বৃক্ষের কর্মসূচির অংশবিশেষ পরিদর্শন করেন। এরপর উলাশী খালের স্ট্রিপ বাগান এবং শার্শা উপজেলায় রোপণ করা তালগাছের চারা ও তালবাগান পরিদর্শন করেন। সফরসূচি অনুযায়ী পরে তিনি যশোরের উদ্দেশে রওনা হন।

প্রতিমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়।