দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছাকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করছি: বাপ্পী

43

পাইকগাছা :

খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, পাইকগাছাকে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করছেন তিনি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নেও নিরলসভাবে কাজ করার কথা জানান তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাপ্পী বলেন, মানুষের কল্যাণে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

চক্ষু ক্যাম্পে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক।

বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান কে এম আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল ও পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সত্তার।

এ ছাড়া বিএনপি নেতা সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, তুষার কান্তি মন্ডলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দিনব্যাপী আয়োজিত ক্যাম্পে প্রায় এক হাজার রোগীর চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে প্রায় ৮০ জনকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। অন্য রোগীদের প্রয়োজনীয় ব্যবস্থাপত্র, ওষুধ ও চশমা দেওয়া হয়েছে।

চক্ষু ক্যাম্পের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসাসেবা আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।