দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোলে অস্ত্র ও গুলিসহ ব্যবসায়ী আটক

20

বেনাপোল :

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বেনাপোল পৌরসভার দীঘিরপাড় গ্রামের শাহজালাল ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মফিজুর রহমান স্থানীয় কাগজপুকুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, দীঘিরপাড় গ্রামের শাহজালাল ফিলিং স্টেশনের সামনে কয়েকজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বেচাকেনা করছে। পরে বেনাপোল পোর্ট থানার এএসআই সুজাউদ্দৌলা সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মফিজুর রহমানকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে কোমরে কৌশলে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মফিজুর রহমানকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে থানায় আরও চারটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।