মোরেলগঞ্জ :
বাগেরহাটের মোরেলগঞ্জে টানা বৃষ্টি উপেক্ষা করে মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পোলেরহাট বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রামচন্দ্রপুর ইউনিয়নের পোলেরহাট বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করছে। ফলে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।
তারা আরও অভিযোগ করেন, মাদক ব্যবসার প্রতিবাদ করলে প্রতিবাদকারীদের নানা ধরনের হুমকি, ভয়ভীতি ও লাঞ্ছনার শিকার হতে হচ্ছে। সম্প্রতি চিহ্নিত মাদক কারবারিদের হামলায় স্থানীয় বাসিন্দা হাকীম খান ও তার ছেলে নয়ন খান আহত হয়েছেন বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।
মানববন্ধন থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা এবং এলাকায় মাদক নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর অভিযান পরিচালনার দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান, সলেমান ফরাজী, বেলায়েত মোল্লা, হাসি বেগম, পারভীন বেগম ও আব্দুল হাকীম খানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।