দৈনিক খুলনা
The news is by your side.

বাগেরহাটে সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

45
বাগেরহাট : 

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ (অনুষ্ঠিতব্য ২০২৬) অংশ নিয়ে সাফল্য অর্জনকারী বাগেরহাট সদর উপজেলার ৪৭নং সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি বাগেরহাট সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মাদ খাঁন সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত দুই কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মোসা. ফারহানা খাতুন এবং সহ-সভাপতি শেখ মঞ্জুর আলম

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পনা রানী ঘোষ, আব্দুল আলিম, লিয়াকত আলী মোড়ল, খাঁন মোহাম্মদ আলী, সুজাতা রানী কুন্ডু, শাহানা আক্তার স্বপ্না, সুপ্রিয়া দেবনাথসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি নুর মোহাম্মাদ খাঁন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এই অর্জন ধরে রাখতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। তিনি ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ (অনুষ্ঠিতব্য ২০২৬) বিদ্যালয় থেকে মোট চারজন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে আবুল হাসান শেখফারিয়া আক্তার মিম সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব আশরাফ ঢালী বলেন, “শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে। এ অর্জনের জন্য বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।