দৈনিক খুলনা
The news is by your side.

ফসিয়ার রহমান মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

28

খুলনা:

খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে কলেজ মিলনায়তনে বিদায়ী শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা দানবীর মরহুম ফসিয়ার রহমানের সহধর্মিণী ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ ফাতেমা রহমান।

অনুষ্ঠানে প্রথম বর্ষের শিক্ষার্থী রুকাইয়া খাতুন মানপত্র পাঠ করেন। সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম ও প্রভাষক ইতি বৈরাগীর সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক আব্দুল আলীম, শিক্ষার্থী লিমা আক্তার, প্রার্থনা মণ্ডল ও ফারিহা বিনতে আজিজ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “নারী শিক্ষার প্রসারে ফসিয়ার রহমান মহিলা কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, বরং আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ উৎপল কুমার বাইন শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে ১২৯ জন বিদায়ী শিক্ষার্থীর মাঝে পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজে একটি বুকশেলফ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মীর আকবর হোসেন। পরে কেক কাটা, বিদায়ী মিলনমেলা এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।