দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ঠিকাদার নিহত

26

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে শেখ শুবাইর রহমান বাবলু (৩৫) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাত দেড়টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজং ইউনিয়নের শ্যামবাগাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ শুবাইর রহমান বাবলু খুলনা মহানগরের সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা এবং শেখ হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শেখ শুবাইর রহমান বাবলু মোটরসাইকেলযোগে মোংলা থেকে খুলনার উদ্দেশে রওনা দেন। পথে শ্যামবাগাত এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি মেহগনি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহাজাহান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় শেখ শুবাইর রহমান বাবলু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।