দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

38

ফকিরহাট :

তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং গ্রামীণ ক্রীড়াচর্চাকে এগিয়ে নিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় ১০টি স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি ক্লাবকে ১০ সেট করে জার্সি এবং মোট ১২টি ফুটবল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুলবুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ তানভীর ইসলাম লিমন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ক্রীড়ামোদী মুসফিকুজ্জামান রিপন, বিএনপি নেতা শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা রবি ফকির, বিভিন্ন স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়, বুলবুল ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে তরুণদের একটি বড় অংশ মোবাইল ও অনলাইনভিত্তিক বিনোদনের দিকে ঝুঁকে পড়ায় মাঠের খেলাধুলার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। ফলে গ্রামীণ পর্যায়ে ফুটবলের মতো জনপ্রিয় খেলাগুলোর চর্চাও দিন দিন হ্রাস পাচ্ছে।

বক্তারা আরও বলেন, স্থানীয় ক্লাবগুলোকে ক্রীড়া সামগ্রী দিয়ে সহযোগিতা করলে তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি পাবে এবং মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে তাদের দূরে রাখা সম্ভব হবে। বুলবুল ফাউন্ডেশনের এ উদ্যোগ গ্রামীণ ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের হাতে জার্সি ও ফুটবল তুলে দেওয়া হয়।