দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

19

ফকিরহাট  :
বাগেরহাটের ফকিরহাটে খুলনা-ঢাকা মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় মো. তৈয়ব আলী (৫৫) ওরফে তৈয়েব ঘটক নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রোববার (২১ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার পালেরহাট বাজার সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৈয়েব ঘটক ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় খুলনাগামী একটি দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় অপর এক পথচারী আহত হন। তাকে উদ্ধার করে স্বজনরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ও ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি জব্দ করে থানায় রাখা হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে একটি প্রাইভেট কারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।