দৈনিক খুলনা
The news is by your side.

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরেছে: মার্কিন বিশেষ দূত সার্জিও গর

বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগের আগ্রহ

20

ঢাকা :

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের দৃঢ় আস্থা রয়েছে।

শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সার্জিও গর। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

সার্জিও গর বলেন, যুক্তরাষ্ট্রের আস্থার প্রতিফলন হিসেবে বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) ইতিবাচকভাবে সংশোধন করা হয়েছে। এর ফলে মার্কিন বিনিয়োগকারীদের কাছে একটি ইতিবাচক বার্তা যাবে যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে সার্জিও গর বাংলাদেশ সরকার ও জনগণের মানবিক ভূমিকার প্রশংসা করেন। তিনি রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তার অর্ধেকেরও বেশি যুক্তরাষ্ট্র থেকে আসে। এজন্য তিনি যুক্তরাষ্ট্র সরকার ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জবাবে মার্কিন বিশেষ দূত রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) সহযোগিতায় বাংলাদেশে পুনরায় পরীক্ষামূলক কার্যক্রম শুরু করার বিষয়েও উভয় পক্ষ একসঙ্গে কাজ করতে সম্মত হয়।

প্রধানমন্ত্রী বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়ে বিশেষ করে সয়াবিন, তুলা ও গমসহ কৃষিপণ্যের সংরক্ষণাগার (ওয়্যারহাউজ) নির্মাণে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, এতে দেশের সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক হবে।

এছাড়া তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জবাবে সার্জিও গর বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ PAX Silica উদ্যোগের অংশীদার হওয়ার সক্ষমতা অর্জন করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদি আমিন, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।