দৈনিক খুলনা
The news is by your side.

পরিবেশ প্রতিমন্ত্রীর স্বাক্ষর ও সিল জালের অভিযোগে মোংলায় একজন আটক

21

মোংলা :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের স্বাক্ষর ও সিল জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে মোংলা থেকে টুকু শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ তদবির ও প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল— এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।

তিনি জানান, রোববার দিনব্যাপী প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত টুকু শেখকে আটক করা হয়। তিনি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।

পুলিশের দাবি, আটক টুকু শেখের কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবিসংবলিত একটি সিল ও স্ট্যাম্প জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগে রোববার দিবাগত রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তদন্তে টুকু শেখ অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

ঘটনার বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।