দৈনিক খুলনা
The news is by your side.

নজরুল বর্ষ উপলক্ষে কেসিসির সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খুলনায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

35

খুলনায় নজরুল বর্ষ-২০২৬ পালন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষ পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশন এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে।

তিনি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আয়োজিত এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য হচ্ছে জাতীয় পর্যায়ে নজরুল চর্চা ও সংরক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বিকাশ ও প্রতিভা অন্বেষণ এবং জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতি জোরদার করা।

প্রশাসক আরও বলেন, কাজী নজরুল ইসলামের অন্যায়ের বিরুদ্ধে অবিচল সংগ্রাম, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তিনি শিক্ষার্থীদের প্রতি সমাজের সব ধরনের অনিয়ম, অবিচার ও অনাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় গ্রহণের আহ্বান জানান।

নজরুল বর্ষ পালন উপলক্ষে এর আগে খুলনা মহানগরীর বিভিন্ন কিন্ডারগার্টেন, প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, এবতেদায়ী, দাখিল, আলিম ও ফাজিল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক’ ও ‘খ’ গ্রুপে নয়টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, রচনা, উপস্থিত বক্তৃতা, ইসলামিক সংগীত/গজল এবং নজরুল সাহিত্যভিত্তিক একক অভিনয়।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতায় প্রতিটি বিভাগের প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সোমবারের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসব বিজয়ী পরবর্তী সময়ে জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান।

অনুষ্ঠান পরিচালনা করেন নজরুল বর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ও সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম।

এ সময় কেসিসির কর্মকর্তা-কর্মচারী ছাড়াও খুলনা মহানগরীর বিভিন্ন কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয়, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।