খুলনা :
খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের নলিয়ান এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত দুজন বর্তমানে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ফারুক হোসেন গাজীর থানায় দেওয়া ২৭ আগস্টের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই দিন সকাল সাড়ে ৭টার দিকে বসতবাড়ির পূর্ব পাশে ভোগদখলীয় প্রায় ১২ কাঠা জমিতে তাঁর ছেলে রাজা গাজী (২৪) চলতি মৌসুমের ধানের চারা রোপণ করছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি সেখানে গিয়ে রাজা গাজীকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, একই এলাকার মৃত নুরুল গাজীর ছেলে মো. রাসুল গাজী (২৫) ও আকবর গাজী (৩৩), নাসির গাজীর ছেলে মইরুদ্দিন গাজী, কামারখোলা ইউনিয়নের সাহারাবাদ গ্রামের জলিল বিশ্বাসের ছেলে বাসার বিশ্বাস, পাইকগাছা উপজেলার গড়ইখালী এলাকার ইউসুফ গাজীর ছেলে মো. মমিনুর গাজীসহ অজ্ঞাত আরও ৪-৫ জন এ ঘটনায় জড়িত ছিলেন।
অভিযোগকারীর দাবি, প্রতিপক্ষের লোকজন বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে রাজা গাজীকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। একপর্যায়ে তাঁর চিৎকার শুনে মা তাসলিমা বেগম (৫০) ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে মা ও ছেলের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি-ধমকি দিয়ে সেখান থেকে চলে যান বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয়রা আহত মা ও ছেলেকে উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে দাকোপ থানায় দেওয়া অভিযোগের তদন্ত কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে অভিযোগে অভিযুক্তদের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই হামলার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।