দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, মানববন্ধন

28

মোরেলগঞ্জ :

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন অভিভাবক, এলাকাবাসী ও সচেতন নাগরিকরা।

শনিবার (২৯ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার ৬৯ নম্বর এসবি কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যবহৃত ব্যানারে প্রধান শিক্ষক শিউলী পারভীনের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনায় অনিয়ম, স্লিপ বরাদ্দ ও সরকারি গাছ কাটাসহ রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের অভিযোগ এবং ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে ধরেন আয়োজকরা।

মানববন্ধনে নিজেদের অভিভাবক সদস্য, এলাকার সচেতন নাগরিক, জমিদাতা ও বিএনপি নেতা হিসেবে পরিচয় দিয়ে বক্তব্য দেন সুমন হাওলাদার, মিনারা বেগম, শিল্পি খানম, রবিউল ইসলাম, জাকির হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গফফার খান, জমিদাতা নাসির খান ও আমজাদ হোসেন।

বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক শিউলী পারভীনের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নিয়মবহির্ভূতভাবে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। তবে অভিযোগের বিষয়ে কার্যকর প্রতিকার না পাওয়ায় তারা মানববন্ধনে অংশ নিয়েছেন বলে জানান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী পারভীন। তিনি বলেন, বিদ্যালয় ছুটির দিনে নিজেদের অভিভাবক দাবি করে যারা মানববন্ধন করেছেন, তারা কেউই এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক নন। তাদের করা অভিযোগ কাল্পনিক ও ভিত্তিহীন। বিষয়টি সাংবাদিকদের খতিয়ে দেখারও অনুরোধ করেন তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রাসেল মোল্লা বলেন, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের একটি অভিযোগ পাওয়া গেছে। কমিটি বাতিলের নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে আবার ওই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। সরকারি গাছ কাটার বিষয়েও পৃথক একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর অভিযোগগুলোর প্রকৃত সত্যতা এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।