বাগেরহাট :
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন তখনই সম্ভব, যখন একটি দক্ষ জনশক্তি গড়ে তোলা যাবে। উন্নয়নের প্রধান হাতিয়ারই হচ্ছে দক্ষ মানবসম্পদ।
শনিবার (১৮ জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলার সোনাতলায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (স্কিল-আইটি)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভিশন হচ্ছে একটি দক্ষ জাতি গড়ে তোলা। দক্ষ জনশক্তিই উন্নত বাংলাদেশ বিনির্মাণের মূল ভিত্তি। এ লক্ষ্য বাস্তবায়নে লতিফ মাস্টার ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।
লতিফ মাস্টার ফাউন্ডেশনের সভাপতি রফিকুল ইসলাম জগলু বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে যুগোপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।