দৈনিক খুলনা
The news is by your side.

তৃতীয় লিঙ্গের করদাতাদের করমুক্ত আয়সীমা ৫ লাখ ৭৫ হাজার টাকার প্রস্তাব

34

প্রতিবেদন:
ঢাকা প্রতিনিধি | দৈনিক খুলনা

জাতীয় সংসদে উপস্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ফাইন্যান্স বিলে তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য করমুক্ত আয়সীমা ৫ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ‘জুলাই যোদ্ধাদের’ জন্য সর্বোচ্চ ৬ লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমা রাখার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ সংক্রান্ত প্রস্তাব তুলে ধরেন।

প্রস্তাব অনুযায়ী, নারী করদাতা, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ নাগরিক, তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য করমুক্ত আয়ের সীমা নির্ধারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের নির্ধারিত রোডম্যাপ অনুসারে আগামী অর্থবছরে নারী ও প্রবীণ নাগরিকদের করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে, তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য করমুক্ত আয়সীমা ৫ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।

এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তির পিতা-মাতা বা আইনানুগ অভিভাবকদের জন্য নতুন করসুবিধা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রতিটি প্রতিবন্ধী সন্তানের জন্য অতিরিক্ত ৫০ হাজার টাকা আয় করমুক্ত সুবিধার আওতায় থাকবে।

সরকারের ভাষ্য অনুযায়ী, সামাজিক সুরক্ষা জোরদার করা এবং অন্তর্ভুক্তিমূলক করব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত এ সুবিধাগুলো কার্যকর হলে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি এবং বিশেষ অবদান রাখা নাগরিকরা কর ব্যবস্থায় আরও বেশি সহায়তা পাবেন।