দৈনিক খুলনা
The news is by your side.

ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের মাসব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু

25

খুলনা :

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু করেছে খুলনা মহানগর যুবদল। কর্মসূচির অংশ হিসেবে নগরীর ২০ নম্বর ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় সোনাডাঙ্গা থানা যুবদলের অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

২০ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন।

এ সময় তিনি বলেন, খুলনায় ডেঙ্গু প্রতিরোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ডেঙ্গুর বিস্তার রোধে কোনো ধরনের বিলম্ব না করে সবাইকে সম্মিলিতভাবে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। শুধু মশক নিধন নয়, জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসেও সবাইকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল বলেন, দ্রুত ও কার্যকরভাবে ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠুসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নগরবাসীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খুলনা মহানগর যুবদলের মাসব্যাপী এ মশক নিধন কার্যক্রম নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পরিচালিত হবে।