দৈনিক খুলনা
The news is by your side.

জুলাই আন্দোলনের সহিংসতার মামলায় সাবিনা আক্তার তুহিন ও রোকেয়া জামাল গ্রেফতার দেখানো

22

ঢাকা :
জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন এবং কাফরুল থানা মহিলা লীগের সভাপতি রোকেয়া জামালকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন

আদালত সূত্রে জানা গেছে, সাবিনা আক্তার তুহিনকে মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আহসান সোহেল সৌরভ। অন্যদিকে রোকেয়া জামালকে একই থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন এসআই কবির হোসেন।

সোমবার আসামিদের আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করে। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন এবং পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখানো মামলার ঘটনায় ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর-১৪ এলাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে আন্দোলন চলাকালে মিলন পান্না গুলিবিদ্ধ হন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি গত বছরের ২৫ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন।

অন্যদিকে রোকেয়া জামালের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হন মো. শাকিল। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ৭ আগস্ট তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।