দৈনিক খুলনা
The news is by your side.

গ্রামীণ উন্নয়নেই টেকসই সমৃদ্ধির পথ: কেশবপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পল্লী উন্নয়ন দিবস

30

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে যশোরের কেশবপুরে পালিত হয়েছে পল্লী উন্নয়ন দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে সোমবার (০৬ জুলাই) সকালে র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ এবং রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মানস কুমার হালদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফিরোজ হোসেন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমীর প্রভাষক মো. জাকির হোসেন এবং এনসিপির প্রধান সমন্বয়ক সম্রাট হোসেন।

সভায় বক্তারা পল্লী উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির বিকাশ, স্থানীয় উন্নয়ন কার্যক্রম, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, গ্রাম উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সফল বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পল্লী উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গ্রামীণ উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফিরোজ হোসেন খান বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; তাদের সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সচেতনতা এবং গ্রামীণ উন্নয়নে অংশগ্রহণের মানসিকতা গড়ে তুলতে হবে। আজকের রচনা প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সামাজিক দায়িত্ববোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে অর্ক পাল, ৯ম শ্রেণি, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর, দ্বিতীয় স্থান নুসরাত ইসলাম নুফ, ৯ম শ্রেণি, গৌরিঘোনা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর, তৃতীয় স্থান তাসফিয়া রহমান, ৬ষ্ঠ শ্রেণি, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর, যশোর।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।