দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা নগর বিএনপির কচি হত্যা মামলায় নতুন মোড়, কবর থেকে মরদেহ উত্তোলন

98

খুলনা আলিয়া কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনকালে নিহত মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মহিবুজ্জামান কচি (৬৩) হত্যা মামলার তদন্তে নতুন মোড় এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে দাফনের প্রায় পাঁচ মাস পর তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে খুলনা মহানগরীর টুটপাড়া কবরস্থানে মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে এ কার্যক্রম সম্পন্ন হয়। আদালতের নির্দেশ বাস্তবায়নে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব।

জানা গেছে, হত্যা মামলার তদন্তভার পাওয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে পুনরায় ময়নাতদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরে আদালতে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা আদেশ অনুযায়ী পুরো কার্যক্রম সম্পন্ন হয়।

মরদেহ উত্তোলনের সময় কবরস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, নিহতের স্বজন এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল। পুরো প্রক্রিয়া কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

পরে মরদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। তদন্ত-সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলে হত্যা মামলার তদন্তে নতুন দিক উন্মোচিত হবে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তা সহায়ক ভূমিকা রাখবে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ভোটগ্রহণ শুরুর পর কেন্দ্রের ভেতরে পুকুরপাড় এলাকায় কয়েকজন ব্যক্তি ভোটারদের একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে চাপ ও ভয়ভীতি প্রদর্শন করছিলেন। এর প্রতিবাদ করলে পূর্বপরিকল্পিতভাবে কচির ওপর হামলা চালানো হয়।

একপর্যায়ে আলিয়া কামিল মাদ্রাসার তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রহিম সরদার তার গলা চেপে ধরে ধাক্কা দিলে তিনি গাছের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, খুলনা আলিয়া কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনকালে মোহাম্মদ মহিবুজ্জামান কচির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকেই ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা চলছিল। সর্বশেষ আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন ও পুনরায় ময়নাতদন্তের উদ্যোগ মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।