দৈনিক খুলনা
The news is by your side.

গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় অবৈধ ‘নাইনটি’ অপসারণে অভিযান

22

সাতক্ষীরা :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে মেঘা প্রকল্পের আওতায় নির্মিত টেকসই বেড়িবাঁধ রক্ষায় অবৈধ ‘নাইনটি’ (নদী থেকে নোনা পানি উত্তোলনের পাইপলাইন) অপসারণে অভিযান শুরু হয়েছে। উপকূলীয় বেড়িবাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার (৭ জুলাই) ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

একই দিনে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি. এম. মাছুদুল আলম ঘোষণা দেন, ইউনিয়নের কোথাও নতুন করে কোনো অবৈধ ‘নাইনটি’ স্থাপন করতে দেওয়া হবে না। ইতোমধ্যে স্থাপিত সব অবৈধ পাইপলাইন দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় কিছু মৎস্যঘের মালিক বেড়িবাঁধের ওপর দিয়ে অবৈধভাবে পাইপলাইন স্থাপন করে নদী থেকে নোনা পানি উত্তোলন করে আসছিলেন। এতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত টেকসই বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জোয়ার-ভাটাপ্রবণ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছিল।

এই পরিস্থিতিতে ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেড়িবাঁধের ওপর স্থাপিত একাধিক অবৈধ ‘নাইনটি’ অপসারণ করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি. এম. মাছুদুল আলম বলেন, “বেড়িবাঁধ ও নদী উপকূলীয় মানুষের জীবন, জীবিকা এবং নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কার্যক্রম কোনোভাবেই বরদাশত করা হবে না। যারা অবৈধভাবে ‘নাইনটি’ স্থাপন করেছেন, তারা দ্রুত নিজ উদ্যোগে সেগুলো অপসারণ করুন। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, উপকূলীয় বেড়িবাঁধ, নদী ও পরিবেশ রক্ষায় ইউনিয়ন পরিষদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে নতুন করে কোনো অবৈধ পাইপলাইন স্থাপন করতে দেওয়া হবে না।

এদিকে ইউনিয়ন পরিষদ মৎস্যঘের মালিকসহ সংশ্লিষ্ট সকলকে সরকারি নীতিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে। স্থানীয় সচেতন মহলও উপকূলীয় বেড়িবাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং অবৈধ পানি উত্তোলন স্থায়ীভাবে বন্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।