খুলনা :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় খুলনার জিয়া হল চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। খুলনা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল; খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
এ ছাড়া কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে।
কর্মসূচি সফল করার লক্ষ্যে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় খুলনা বিএনপি কার্যালয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু এবং জেলা বিএনপির সদস্য সচিব, জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
সভায় জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় আগামী ২৬ সেপ্টেম্বরের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে সাংগঠনিক প্রস্তুতি ও অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়।