খুবি :
খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে ইউজিসির হিট প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনে বাস্তবায়িত একটি সাব-প্রকল্পের অধীনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন। তিনি বলেন, আধুনিক অফিস ব্যবস্থাপনা, সময়োপযোগী প্রশাসনিক কার্যক্রম এবং ডিজিটাল সেবা ব্যবস্থার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ফার্মেসি ডিসিপ্লিনের প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জামিল আহমদ শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. সমীর কুমার সাধু এবং যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণ সমন্বয়কারী ও প্রকল্পের এএসপিএম প্রফেসর ড. মো. ইকবাল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের এসপিএম প্রফেসর ড. উৎপল কুমার কর্মকার।
উদ্বোধনী পর্ব শেষে তিনটি সেশনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে সময় ব্যবস্থাপনা, শিক্ষার্থী ও কর্মচারী ব্যবস্থাপনা এবং অফিস সরঞ্জামের কার্যকর ব্যবহার বিষয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহ।
দ্বিতীয় সেশনে ডকুমেন্ট ও ফাইল ব্যবস্থাপনা, ই-ফাইলিং এবং ই-গভর্ন্যান্স বিষয়ে আলোচনা করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সাইয়েদ মো. মঞ্জুর আলম। এছাড়া দাপ্তরিক যোগাযোগ ও কমিউনিকেশন লেটার প্রণয়নের বিভিন্ন বিষয়েও প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে ফার্মেসি ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। সমাপনী ও মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ থেকে অর্জিত অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। ##