দৈনিক খুলনা
The news is by your side.

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খুলনায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

34

খুলনা :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জিয়া শিশু-কিশোর সংগঠন খুলনা মহানগরের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

জিয়া শিশু-কিশোর সংগঠন খুলনা মহানগরের সভাপতি নিয়াজ আহমেদ তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রেহানা আক্তার, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মীর মমিনুর রহমান সুজন, সিনিয়র সহ-সভাপতি মির্জা মাসুদুর রহমান ও সহ-সভাপতি পারভিন সুলতানা নিতু।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুর পর বেগম খালেদা জিয়া বিএনপির রাজনীতিকে এগিয়ে নিয়ে গেছেন এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

তিনি বলেন, শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মকে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে প্রস্তুত করতে তাদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. দেলোয়ার হোসেন, এ কে এম শফিকুল হোসেন, শেখ মো. মাহবুবুল আলম, মো. রুহুল আমিন, মোল্লা মেজবাউল ইসলাম, এস এম আবু সাঈদ, এ এ কে আলমগীর, এস এম রায়হান আলমগীর, ফখরুল ইসলাম শিবলু, গাজী হাসান রুমি, আশরাফুল রহমান মিলন, মো. ফরহাদ হোসেন, সৈকত মো. সোহাগ, ফারহানা বিনতে হাসান ও আদনান হাসান তানভীরসহ আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতার বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।

পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।