দৈনিক খুলনা
The news is by your side.

শ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপণ করে প্রতিবাদ

24

সাতক্ষীরা :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কৈখালীর একটি রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এবং বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় সড়কে ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে পূর্ব কৈখালী গ্রামের মরহুম আলহাজ আদম গাজীর কেয়ারের রাস্তা হিসেবে পরিচিত সড়কের কাদাযুক্ত অংশে স্থানীয় যুবক ও এলাকাবাসী এ ব্যতিক্রমী প্রতিবাদ করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে হাঁটুসমান কাদার সৃষ্টি হয়। এতে সাধারণ পথচারীসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও জরুরি রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয় রফিকুল ইসলামের ছেলে মো. এবাদুল ইসলাম বলেন, “আমরা উপকূলীয় এলাকায় বসবাস করি। আমাদের ভোগান্তির শেষ নেই। ছোটবেলা থেকেই দেখে আসছি, আমাদের একমাত্র চলাচলের রাস্তাটি চরম অবহেলিত। দীর্ঘ বছরেও রাস্তাটিতে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি।”

তিনি বলেন, বর্ষাকালে রাস্তায় হাঁটুসমান কাদা জমে যাওয়ায় কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। জরুরি রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও নানা সমস্যার সৃষ্টি হয়।

এবাদুল ইসলাম আরও বলেন, “বিকল্প হিসেবে অনেক সময় নদীপথে ট্রলারে করে রোগী নিয়ে যেতে হয়। এতে সময় বেশি লাগার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও থাকে। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানানো হয়েছে।”

তিনি দ্রুত রাস্তাটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুর রশিদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তিনি এলাকাবাসীর প্রতিবাদের বিষয়টি জানতে পেরেছেন। তিনি বলেন, সড়কটি দ্রুত কার্পেটিং করা হবে।

কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ‘বিজিবি সড়ক’ নামে রাস্তাটি কার্পেটিং করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েছিলাম। কিন্তু একটি পক্ষ রাস্তাটি কর্তন করে অন্য স্থানে নিয়ে যায়। বর্তমানে রাস্তাটি ‘সীমান্ত সড়ক’ নামে কার্পেটিংয়ের অনুমোদন পেয়েছে। খুব দ্রুতই দৃশ্যমান কাজ শুরু হবে।”

স্থানীয়দের দাবি, প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে এলাকাবাসীকে মুক্তি দিতে কার্যকর উদ্যোগ নেওয়া হোক।