কয়রা :
খুলনার কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল আলম। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত ওসি মো. রাশেদুল আলম।
মতবিনিময় সভায় নবাগত ওসি বলেন, “আমি পুলিশ কর্মকর্তা হিসেবে নয়, কয়রার মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই।” কয়রার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ভালো রাখতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের বিভিন্ন অনিয়ম, অপরাধ ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন। এসব তথ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশকে সহযোগিতা করে। তাই পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
সভায় সাংবাদিকরা কয়রার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও জোরদারের বিষয়ে মতামত ও পরামর্শ দেন।
এ সময় বক্তব্য দেন সাংবাদিক মোহা. হুমায়ুন কবির, মোস্তফা শফিকুল ইসলাম, শেখ মনিরুজ্জামান মনু, মাস্টার আ. রউফ, শহিদুল্লাহ শাহিন, গোলাম রব্বানী, অরবিন্দ কুমার মণ্ডল, জাহাঙ্গীর কবির টুলু, নুরুল আমিন নাহিন, শেখ কওছার আলম, মজিবার রহমান, মাস্টার হাবিবুল্লাহ, মো. ফরহাদ হোসেন, জিয়াউর রহমান ঝন্টু, আবু ওবায়দা, ডিএম জাহিদুল ইসলাম, মিজানুর রহমান লিটন, রবিউল ইসলাম, মল্লিক আ. রউফ, আরিফুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
মতবিনিময় সভায় কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।