বাগেরহাট :
বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি.) কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মের দক্ষতা বিকাশে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, “শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের আধুনিক যোগাযোগ ও প্রযুক্তিবান্ধব করে গড়ে তুলতে কলেজগুলোর অবকাঠামোগত উন্নয়ন জরুরি।”
বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি.) কলেজের অধ্যক্ষ প্রফেসর মিসেস পারভীন আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।
সভায় শিক্ষার মানোন্নয়ন, কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ দক্ষতা বিকাশসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।